মসজিদে নববিতে ভার্চ্যুয়াল ভ্রমণ

৩১ জানুয়ারি, ২০২৩ ০০:২০  

ঘরে বসে ভার্চ্যুয়ালি মসজিদে নববি ঘুরে দেখার সুযোগ তৈরি করেছে সৌদি সরকার। অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেনো ‘মদিনাতুন নবী’পরিভ্রমণ করা যায় সেই প্রাযুক্তিক সুযোগও রাখা হয়েছে ওয়েব ঠিকানায়

এই ঠিকানায় প্রবেশ করতেই ভার্চ্যুয়ালি মসজিদে নববি দেখার সময় আজানসহ পবিত্র কোরআন তিলাওয়াত শোনা যায়। মসজিদে নববি প্রাঙ্গণে থাকা উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে ঘুরে ত্রিমাত্রিক ছবি দেখা যায় এবং দরকারি তথ্য পাওয়া যায়। এজন্য কার্সার বা আঙুলের স্পর্শে ধীরে ধীরে পরিভ্রমণ ছাড়াও বিভিন্ন গেইটের নাম সিলেক্ট করেও নির্দিষ্ট জায়গা গুলো ঘুরে ঘুরে দেখা যায়।

ভার্চ্যুয়ালি মসজিদে নববি দেখার সময় কম্পিউটার বা মুঠোফোনের পর্দার আকার ছোট বা বড় করে দেখা যাবে। শুধু তা–ই নয়, পর্দার ডান পাশে থাকা বিভিন্ন অপশন কাজে লাগিয়ে ছবিগুলো টুইটার ও ফেসবুকে শেয়ার করা যাবে।

ভার্চ্যুয়াল প্রযুক্তিতে আল সালাম গেট, জিবরাইল গেট, আবু বকর আল সিদ্দিক গেট, আল রহমাহ গেট, উমর ইবনে আল খাত্তাব গেট ও কিং ফাহাদ গেট দিয়ে মসজিদে নববিতে প্রবেশ করা যায়। গেট নির্বাচন করে দিলে সেই পথে মসজিদে নববিতে প্রবেশ করা যায়। এক্ষেত্রে পর্দার ওপরে মাঝখানে থাকা নির্দেশনাসূচক বাটন থেকে গেটগুলো নির্বাচন করতে হয়।

ব্যবহারকারীরা চাইলে আরবির পাশাপাশি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষাতেও তথ্যগুলো পড়তে পারবেন। ঘুরে ঘুরে দেখার সময় মসজিদের ভেতর-বাহির ছাড়াও পাঠাগার, গ্যালারি ও প্রদর্শনী কক্ষেও প্রবেশ করতে পারবেন ভার্চুয়াল পরিদর্শক। দেখা যায় নবীর তৈরি মসজিদের ওপরের অংশও। সবুজ মিনারের বিভিন্ন অংশের পাশাপাশি মসজিদে নববির মিনারও দেখা যাবে এই ভ্রমণে।